
কুড়িগ্রামের নাগেশ্বরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির একাধিক নেতাকে সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এ সময় সার ডিলার নিয়োগে অর্থ বাণিজ্য ও অনিয়মের অভিযোগ তুলে নিয়োগ বাতিলের দাবি জানান তারা।
একই সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টির নেতাকর্মীদের সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে পৌরসভার বলদিটারী মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার কলেজ মোড়ে গিয়ে শেষ হলে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, গত ১৭ বছরে আওয়ামী লীগের দুঃশাসন ও নির্যাতনের কথা বিএনপির নেতারা ভুলে গেলেও তৃণমূলের নেতাকর্মীরা ভুলে যাননি। অর্থের বিনিময়ে বিএনপিকে বঞ্চিত করে ফ্যাসিস্ট ও তাদের দোসরদের পুনর্বাসনের প্রক্রিয়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
বক্তারা দাবি করেন, উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলিয়ে মোট ১৫ জন সার ডিলারের মধ্যে ১০ জনকেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টির নেতাদের মধ্য থেকে নিয়োগ দেওয়া হয়েছে।
তারা আরও অভিযোগ করেন, উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য এবং উপজেলা বিএনপির সদস্যসচিব মোখলেছুর রহমান ও উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজার অনিয়মের মাধ্যমে এসব নিয়োগ দেওয়া হয়েছে।
সমাবেশে বক্তব্য দেন নাগেশ্বরী পৌর কৃষকদলের সদস্যসচিব আদম আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও আলমগীর হোসেন, সাবেক যুবদল নেতা মাইনুদ্দিন এবং ছাত্রনেতা আক্তারুজ্জামান রাশেদসহ অন্যরা।