চুয়াডাঙ্গায় সোহাগ স্টোরে অভিযান, অবৈধ সার মজুদে জরিমানা

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ১৪:৪১ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারি গ্রামে অবৈধভাবে রাসায়নিক সার মজুদ ও অননুমোদিত কীটনাশক বিক্রির অপরাধে সোহাগ স্টোর নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে দোকানটি থেকে ৫৬ বস্তা অবৈধ সার ও বিপুল পরিমাণ অননুমোদিত কীটনাশক জব্দ করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) রাত ৮টার দিকে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলামের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

এ সময় বোয়ালমারি গ্রামের সোহাগ স্টোরে আকস্মিক অভিযান চালিয়ে সরকারি বিধিমালা লঙ্ঘন করে অবৈধভাবে মজুদ করা ৫৬ বস্তা সার ও বিপুল পরিমাণ অননুমোদিত কীটনাশক জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম জানান, কৃত্রিম সংকট তৈরি ও কৃষকদের প্রতারিত করার উদ্দেশ্যে এসব সার ও কীটনাশক অবৈধভাবে মজুদ করা হয়েছিল। অপরাধ স্বীকার করায় সার ব্যবস্থাপনা আইন ও সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী ব্যবসায়ী সোহাগকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একই সঙ্গে জব্দ করা মালামাল সরকারি হেফাজতে নেওয়া হয়েছে।

সারের বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের এ ধরনের জনস্বার্থমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।