শ্রীপুরে এনসিপির কমিটি নিয়ে আপত্তি, নাম প্রত্যাহার ও বিচারের দাবি

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ২০:৪৫ | অনলাইন সংস্করণ

  মাগুরা প্রতিনিধি

মাগুরার শ্রীপুর উপজেলায় অনুমতি ছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আংশিক আহ্বায়ক কমিটিতে ৩ নম্বর যুগ্ম আহ্বায়ক পদে নাম অন্তর্ভুক্ত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মো. রিপন মোল্যা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে শ্রীপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন তিনি। রিপন মোল্যা মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মদনপুর গ্রামের মৃত আ. রউফ মোল্যার ছেলে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রিপন মোল্যা বলেন, গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে গঠিত জাতীয় নাগরিক পার্টির শ্রীপুর উপজেলা আহ্বায়ক কমিটির আংশিক তালিকা প্রকাশ করা হয়। এতে তার অজ্ঞাতে ও অনুমতি ছাড়াই ৩ নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। বিষয়টিকে সম্পূর্ণ অনৈতিক ও আইনত দণ্ডনীয় অপরাধ বলে উল্লেখ করেন তিনি।

নিজের রাজনৈতিক পরিচয় তুলে ধরে রিপন মোল্যা বলেন, তিনি রাজনীতির শুরু থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত। তার পরিবারের সদস্যরাও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।

তিনি বলেন, তার বড় ভাই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের শ্রীপুর উপজেলার সাবেক সহসভাপতি, তার বাবা ওয়ার্ড বিএনপির সদস্য এবং বড় চাচা ৪ নম্বর ওয়ার্ড বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তার ভাইয়েরাও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

রিপন মোল্যা বলেন, এনসিপির কমিটিতে তার নাম অন্তর্ভুক্ত করায় তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। তার অনুমতি ছাড়া যারা কমিটির তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছেন, তাদের বিচার দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ মজুমদার, নাকোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মহব্বত, ৪ নম্বর শ্রীপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা জাসাসের সহসভাপতি খন্দকার আবু নঈমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।