ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে টাকা ছিনতাইয়ের অভিযোগে যুবককে মারধর, পুলিশে সোপর্দ

সিরাজগঞ্জে টাকা ছিনতাইয়ের অভিযোগে যুবককে মারধর, পুলিশে সোপর্দ

সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় টাকা ছিনতাইয়ের অভিযোগে মেহেদী নামের এক যুবককে আটক করে মারধর করেছেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ইউপি প্যানেল চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুল হাই আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, সোমবার রাতে একই এলাকার ঝাঐল গ্রামের হানিফের ছেলে ঘটক আব্দুল খালেক ভুঁইয়াগাঁতী থেকে অটোভ্যানে করে মালতিনগর বাজার এলাকায় আসেন। এ সময় একই এলাকার মেহেদীসহ কয়েকজন অটোচালক ওই ঘটককে মারধর করে প্রায় ১৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যান বলে অভিযোগ করেন তিনি।

আব্দুল হাই আকন্দ আরও জানান, মঙ্গলবার বিকেলে স্থানীয়রা আমতলা মোড় এলাকায় মেহেদীকে আটক করে মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী বলেন, ঘটনাটি সম্ভবত ছিনতাইয়ের নয়। পাওনা টাকা নিয়ে এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে উদ্ধার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশে সোপর্দ,যুবককে মারধর,টাকা ছিনতাইয়ের অভিযোগ,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত