জাপা চেয়ারম্যানের বাসায় হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ২১:৪৫ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের ঢাকার বাসভবনে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নগরীর সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।
মিছিলটি জাহাজ কোম্পানি মোড়, সিটি করপোরেশন ও টাউন হল হয়ে ইউটার্ন নিয়ে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি আজমল হোসেন লেবু, সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাকসহ জেলা ও মহানগরের নেতারা।
বক্তারা বলেন, কয়েক দিন আগে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের ঢাকার বাসভবনে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ক্ষতিসাধন করে। এ ধরনের ঘটনা গণতান্ত্রিক রাজনীতির পরিপন্থী এবং মব ভায়োলেন্সের শামিল।
তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
নেতারা আরও বলেন, জাতীয় পার্টি শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হলে সাধারণ মানুষ তা মেনে নেবে না। জনগণ এর দাঁতভাঙা জবাব দেবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
