হবিগঞ্জে কুকুরের কামড়ে নারী ও শিশুসহ আহত ৪৫
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ২২:১৩ | অনলাইন সংস্করণ
হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ শহরতলীর বহুলায় বেওয়ারিশ কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ৪৫ জন আহত হয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের কামড় দেয় কুকুরটি। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে হঠাৎ একটি বেওয়ারিশ কুকুর এলাকায় এদিক-সেদিক ছুটোছুটি শুরু করে। এ সময় সামনে যাকে পেয়েছে, তাকেই কামড় দেয় কুকুরটি। বিশেষ করে বয়স্ক নারী ও শিশুদের ওপর বেশি আক্রমণ চালায় এটি।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মুমিনউদ্দিন চৌধুরী জানান, সকাল থেকে কুকুরের কামড়ে আহত ব্যক্তিরা হাসপাতালে আসছেন। এখন পর্যন্ত ৪৫ জন চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে ২৫ জন নারী এবং বেশ কয়েকজন শিশুও রয়েছে।
তিনি আরও জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালে কুকুরের কামড়ের ভ্যাকসিনও পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে।
