সোনারগাঁয়ে মেঘনা নদীতে বালু উত্তোলন, ড্রেজারসহ গ্রেপ্তার ৩

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ১৯:০১ | অনলাইন সংস্করণ

  সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় মেঘনা নদীর আনন্দবাজার ছনপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় একটি ড্রেজার, একটি অ্যাঙ্কর বোট, একটি হাউজবোট, এক হাজার ফুট পাইপ ও ৭ হাজার ৫০০ ঘনফুট বালু জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাইবান্ধা জেলার দৌলতপুর থানার চর কালিকাপুর গ্রামের আবদুল মান্নান শেখের ছেলে আব্দুল খালেক, একই জেলার গোবিন্দগঞ্জ থানার ক্রোড়গাছা গ্রামের আফসার আলী মণ্ডলের ছেলে আমিরুল ইসলাম এবং পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার তিস্তাপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে মোহাম্মদ জাহিদুল ইসলাম।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শাহ কামালের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, গত এক সপ্তাহ ধরে মেঘনা নদীতে বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির নামধারী নেতা মাজহারুল ইসলাম ও তার চাচা রূপচানের নেতৃত্বে একটি সিন্ডিকেট প্রতিদিন রাতে শক্তিশালী ১০ থেকে ১৫টি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছে বলে অভিযোগ রয়েছে।

বিআইডব্লিউটিএর বিজ্ঞপ্তি অনুযায়ী, মা ইলিশ সংরক্ষণ ও প্রজননের স্বার্থে সারা দেশের নদ-নদীতে ড্রেজিং বন্ধ রাখা হয়েছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাজহারুল ইসলামের নেতৃত্বাধীন সিন্ডিকেট অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

বিষয়টি জানতে পেরে বুধবার সন্ধ্যায় বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ কামালের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) আকতার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে আনন্দবাজার ছনপাড়া এলাকায় অভিযান চালান। এ সময় একটি ড্রেজার, একটি অ্যাঙ্কর বোট, একটি হাউজবোট, এক হাজার ফুট পাইপ ও ৭ হাজার ৫০০ ঘনফুট বালুসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত মাজহারুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বালু উত্তোলনের অভিযোগ অস্বীকার করেন। এ ঘটনার সঙ্গে তিনি জড়িত নন বলে দাবি করেন।

বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শাহ কামাল বলেন, পুলিশ ও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে একটি চক্র। বুধবার সন্ধ্যায় নদীতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ড্রেজার, বোট ও বালু জব্দ করা হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।