মাদক ও কিশোর অপরাধ থেকে সন্তানদের দূরে রাখুন: এমপি বুলু
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ২১:০২ | অনলাইন সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি

মাদক, ইভটিজিংসহ কিশোর গ্যাংয়ের অপরাধ থেকে সন্তানদের দূরে রাখতে মায়েদের প্রতি আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য বরকত উল্যাহ বুলু। এ জন্য সন্তানদের প্রতি মায়েদের নজর রাখার পরামর্শ দেন তিনি।
তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে সারাদেশে শিক্ষাখাতে ব্যাপক বরাদ্দ দিয়ে যাচ্ছে, যা ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে।
বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মদন মোহন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জহির উদ্দিন হারুনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কায়েসুর রহমান, জেলা স্কুলের প্রধান শিক্ষক আবুল কাশেম, জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী, উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষা চন্দ দাস, বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামছুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম, মনজুর মোর্শেদ শাহরিয়ার, নাজমুল গনি মান্না, আহসান উল্যা ও রুস্তম আলীসহ অনেকে।
