দুর্গাপূজা উপলক্ষে ব্যক্তিগত তহবিল থেকে উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ১৫:৪১ | অনলাইন সংস্করণ
টাঙ্গাইল প্রতিনিধি

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিজের ব্যক্তিগত তহবিল থেকে টাঙ্গাইলের ২ হাজার ৮০০ দরিদ্র ও দুস্থ পরিবারের মধ্যে শাড়ি-পাঞ্জাবি ও নগদ অর্থ উপহার দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।
প্রতিমন্ত্রী ২ হাজার ৫০০ নারী-পুরুষের মধ্যে শাড়ি ও পাঞ্জাবি বিতরণ করেন। এ ছাড়া হরিজন সম্প্রদায়ের ৩০০ পরিবারকে ২ হাজার টাকা করে নগদ অর্থ দেন।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে টাঙ্গাইলের শ্রীশ্রী কালীবাড়ি প্রাঙ্গণে উপহার বিতরণের মধ্য দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। পরে দিনব্যাপী সদর উপজেলার পোড়াবাড়ি ও সদুল্যাপুরসহ বিভিন্ন পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় এবং উপহারসামগ্রী বিতরণ করেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে ঈদের সময় ইসলাম ধর্মাবলম্বীদের মাঝে সরকারি বরাদ্দের পাশাপাশি আমি ব্যক্তিগত অর্থায়নেও উপহার দিয়েছি। সেই ধারাবাহিকতায় এবার আপনাদের উপহার দেওয়া হচ্ছে।”
তিনি বলেন, “সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তার বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। কাজেই ভয়ভীতির কোনো বিষয় নেই। আপনারা নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করবেন। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন। বাংলাদেশে সংখ্যাগুরু, সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি। এই দেশটাকে সবাই মিলে এগিয়ে নিয়ে যেতে হবে।”
উপহার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবু শ্যামল হোড়, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মিয়া এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ.এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী।
এ সময় আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অমল ব্যানার্জি, শ্রীশ্রী কালীবাড়ির সভাপতি স্বপন ঘোষ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জীবন কৃষ্ণ চৌধুরী এবং জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিকসহ অনেকে।
