সিরাজগঞ্জে মাদক মামলায় নারীসহ ২ জনের যাবজ্জীবন
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ১৬:৫৭ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে মাদক মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় এক নারীসহ দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লার মৃত দানেজ সেখের ছেলে বুলু সেখ এবং একই মহল্লার মৃত লিটন সেখের স্ত্রী ও বুলুর চাচি শাশুড়ি মমতা খাতুন।
বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক বেগম লায়লা শারমিন এ রায় দেন। আদালতের এপিপি অ্যাডভোকেট শামসুজ্জোহা শাহান শাহ্ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ২০১৭ সালের ১৭ জুন বুলুর বাড়িতে মাদকবিরোধী অভিযান চালান র্যাব-১২-এর সদস্যরা। এ সময় সেখান থেকে ১১২ গ্রাম হেরোইন, ২০০ পিস ইয়াবা, মাদক বিক্রির ৬ লাখ ৪৫ হাজার ২২০ টাকা এবং আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়। মামলার তদন্ত শেষে পুলিশ তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক দুজনের বিরুদ্ধে উল্লেখিত রায় ঘোষণা করেন। মামলার অপর আসামি একই মহল্লার শাহিন সেখ মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
