রাণীশংকৈলে যুবকের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ অজানা

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ১৭:২৬ | অনলাইন সংস্করণ

  রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার দক্ষিণ সন্ধ্যারই গ্রামের আলী ইটভাটার পাশে ফাঁকা জায়গা থেকে যতীশ চন্দ্র নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যতীশ চন্দ্র পাশের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী পাঁচপীর গ্রামের রাজেন চন্দ্রের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নন্দুয়ার ইউনিয়নের দক্ষিণ সন্ধ্যারই গ্রামের আলী ইটভাটার পাশে ধানক্ষেতের আইলের কাছে মরদেহটি পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে রাণীশংকৈল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

প্রাথমিকভাবে মরদেহটির পরিচয় জানা না গেলেও পরে নিহতের পরিচয় শনাক্ত করে পুলিশ। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

তবে যতীশ চন্দ্রের মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। তিনি কীভাবে ওই ধানক্ষেতের পাশে পৌঁছালেন এবং তার মৃত্যু স্বাভাবিক, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, শুক্রবার সরকারি ছুটির দিন হওয়ায় মরদেহটি এখনো থানায় রয়েছে। শনিবার ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে ওই এলাকায় কীভাবে তিনি এসেছিলেন, সে বিষয়ে তদন্ত চলছে।