মাদকমুক্ত সমাজ গড়তে ইসলামী অনুশাসন মেনে চলার আহ্বান এমপি বেলালের

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ২১:১৮ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, রংপুর-দিনাজপুর অঞ্চল টিমের সদস্য ও রংপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল বলেছেন, তানযীমুল উম্মাহ মাদরাসা সারা দেশে জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ আদর্শ নাগরিক গড়ে তোলার শিক্ষা দিয়ে মহান দায়িত্ব পালন করছে।

শুক্রবার সকালে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা রংপুরের দুই দিনব্যাপী বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সমাপনী দিনে খলিফাপাড়া শাখার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ মুহাম্মদ আব্দুল মুন্তাকিম। এ ছাড়া বক্তব্য দেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডক্টর মীম আতিকুল্লাহ, ফাউন্ডেশনের পরিচালক নুরুল আফছার ভুঁইয়া এবং অঞ্চল পরিচালক হাফেজ মুহাম্মদ মহিউদ্দিন।

অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল বলেন, যুগে যুগে মুসলিম পণ্ডিতেরা চিকিৎসাবিজ্ঞানসহ শিক্ষা, স্বাস্থ্য ও শিল্পের বিকাশে বিশ্বে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা দেশ গড়ার জন্য সেই শ্রেষ্ঠ নাগরিক তৈরির কাজ করছে। এ জন্য কোমলমতি শিক্ষার্থীদের বেশি বেশি পড়াশোনা করার পরামর্শ দেন তিনি।

এমপি বেলাল বলেন, আজকের সোনামণিরাই জ্ঞানচর্চার মাধ্যমে আগামী দিনে আবু বকর, ওমর, ইবনে খালদুন ও ইবনে সিনার মতো মনীষী হিসেবে গড়ে উঠবে। ইসলামের জ্ঞান অর্জনের মাধ্যমে তারা বিশ্বে শ্রেষ্ঠত্ব অর্জন করবে। এ ধরনের শিক্ষা মানুষের মধ্যে উৎকর্ষতার বিকাশ ঘটাবে।

তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে অভিভাবক ও শিক্ষার্থীদের কোরআনের আলোকে ইসলামী অনুশাসন মেনে চলতে হবে। তানযীমুল উম্মাহ মাদরাসা আদর্শ শিক্ষার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের উত্তম চরিত্র গঠন ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠার পরিবেশ সৃষ্টি করছে।

সৎ চরিত্রের শিশুরাই আগামী দিনে আদর্শ বাংলাদেশ গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করবে উল্লেখ করে তিনি বলেন, এ জন্য অভিভাবকদের সচেতনতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ন্যায় ও ইনসাফের সমন্বয়ে সবাইকে মিলে উন্নত নৈতিক সমাজ গড়ার দায়িত্ব পালন করতে হবে।

অনুষ্ঠানে সংসদ সদস্য হাফেজ মুহাম্মদ আব্দুল মুন্তাকিম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিশ্বমানের হাফেজ হিসেবে নিজেদের আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে প্রতিটি ক্ষেত্রে প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিজয়ী হওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের পরামর্শ দেন।