দামুড়হুদায় সড়কের পাশে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ১৬:১০ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা-দর্শনা মহাসড়কের লোকনাথপুর ফায়ার সার্ভিসের অদূরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক ব্যক্তি (৫০) নিহত হয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) ভোরে রাস্তার পাশে পড়ে থাকা তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তির পরনে বেগুনি রঙের প্যান্ট ছিল।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোরে উপজেলার লোকনাথপুর ফিলিং স্টেশনের অদূরে রাস্তার পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন দামুড়হুদা থানার টহলরত পুলিশ সদস্যরা। পরে তারা মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যান। সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
লোকনাথপুর গ্রামের রহিম জানান, নিহত ব্যক্তি প্রতিবন্ধী ছিলেন। বেশ কিছুদিন ধরে তাকে ওই এলাকায় মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘুরে বেড়াতে দেখা গেছে। সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবা উদ্দিন বলেন, নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।
