ইনানীর রিসোর্টে অগ্নিকাণ্ডে মা-ছেলের মৃত্যু, চুয়াডাঙ্গায় শোকের ছায়া

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ২০:১৬ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

কক্সবাজারের ইনানী এলাকার একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যুতে চুয়াডাঙ্গায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা হলেন চুয়াডাঙ্গা শহরের দক্ষিণ হাসপাতালপাড়ার বাসিন্দা ফারিয়া কবীর (৩৩) ও তার পাঁচ বছর বয়সী শিশুসন্তান ফাইজান। তাদের মৃত্যুতে স্বজন, বন্ধুবান্ধব ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের মাতম চলছে।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত ফারিয়া কবীরের স্বামী নুর আলম ড্রাগ ইন্টারন্যাশনালের একজন জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা (সিনিয়র মার্কেটিং অফিসার)। পেশাগত কারণে এই দম্পতি গত আট বছর ধরে চুয়াডাঙ্গায় স্থায়ীভাবে বসবাস করে আসছেন। ফারিয়ার পৈতৃক বাড়ি বরিশালে।

পরিবারের সদস্যদের নিয়ে অবকাশ যাপনের উদ্দেশ্যে গত ১৪ অক্টোবর কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তারা। তবে আনন্দের সেই ভ্রমণই শেষ পর্যন্ত পরিবারটির জন্য গভীর শোকের কারণ হয়ে দাঁড়ায়।

শনিবার (১৭ অক্টোবর) সকালে ইনানীর ওই রিসোর্টে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ রূপ নিলে রিসোর্টের ভেতরে অনেকে আটকা পড়েন। এ ঘটনায় প্রাণ হারান ফারিয়া কবীর ও তার শিশুসন্তান ফাইজান।

একই পরিবারের মা ও শিশুসন্তানের এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজন, বন্ধুবান্ধব ও স্থানীয় বাসিন্দারা শোকে স্তব্ধ হয়ে পড়েছেন। আনন্দঘন ছুটি কাটাতে গিয়ে এমন করুণ পরিণতি কিছুতেই মেনে নিতে পারছেন না তারা। পরিবারটির এই অপূরণীয় ক্ষতিতে পুরো চুয়াডাঙ্গা জেলায় শোকের আবহ বিরাজ করছে।