রংপুর রেঞ্জের ৬২ থানায় একযোগে বিশেষ চৌকিদারি প্যারেড
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ২১:২২ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

রংপুর রেঞ্জের আট জেলার ৬২টি থানায় একযোগে বিশেষ সাপ্তাহিক চৌকিদারি প্যারেড অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএমের সার্বিক তত্ত্বাবধান ও সুনির্দিষ্ট নির্দেশনায় এ প্যারেড অনুষ্ঠিত হয়।
শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপন নিশ্চিত করা এবং গ্রামীণ জনপদে অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এ প্যারেডের আয়োজন করা হয়।
প্যারেডে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনা, থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং স্থানীয় অপরাধের বিস্তার রোধে করণীয় বিষয়ে গ্রাম পুলিশ সদস্যদের সঙ্গে আলোচনা করা হয়।
এ সময় তাদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি পূজামণ্ডপকেন্দ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনশৃঙ্খলাবিষয়ক নির্দেশনা দেওয়া হয়।
গ্রাম পুলিশ সদস্যদের নিজ নিজ এলাকায় মাদক, জুয়া-ক্যাসিনো, চুরি, ডাকাতি, ছিনতাই, বাল্যবিবাহ, চোরাচালানসহ সব ধরনের অপরাধমূলক ও অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে সতর্ক ও সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়। এলাকায় কোনো দুর্ঘটনা বা অপরাধমূলক কর্মকাণ্ডের খবর পেলে এবং চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা সম্পর্কে জানতে পারলে দ্রুত সংশ্লিষ্ট থানাকে অবহিত করতে বলা হয়।
এ ছাড়া কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণের সঙ্গে পুলিশের পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধি এবং বিট পুলিশিংয়ের মাধ্যমে এলাকাভিত্তিক অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
স্থানীয় অপরাধের ধরন ও বিস্তার সম্পর্কে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ, অপরাধপ্রবণ এলাকা চিহ্নিতকরণ এবং পুলিশ ও গ্রাম পুলিশের মধ্যে নিয়মিত তথ্য আদান-প্রদান ও সমন্বয় জোরদারে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএমের নির্দেশনায় তৃণমূল পর্যায়ে পুলিশি কার্যক্রম আরও গতিশীল করা, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং পুলিশ, গ্রাম পুলিশ ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগে অপরাধ প্রতিরোধ ও নিরাপদ সমাজ গঠনের কার্যক্রম অব্যাহত রয়েছে।
