বোয়ালমারীতে দোকানের চাল খুলে ৩ লাখ টাকার সিগারেট চুরি

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ২১:৩৭ | অনলাইন সংস্করণ

  বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার থানা রোডে মোল্যা ফাস্টফুড কর্নার নামে একটি দোকানের টিনের চালের স্ক্রু খুলে প্রায় ৩ লাখ ২৩ হাজার ৭০০ টাকার সিগারেট ও নগদ টাকা চুরির অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৬ অক্টোবর) রাত থেকে শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার মধ্যে কোনো একসময় এ চুরির ঘটনা ঘটে।

দোকানমালিক মো. বিপ্লব মোল্যা (৩৫) বোয়ালমারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বোয়ালমারী বাজার এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত মুনতাজ মোল্যা।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার সকাল ১০টার দিকে দোকানে এসে বেচাকেনা শুরু করেন বিপ্লব মোল্যা। রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান তিনি। পরদিন শনিবার সকাল সাড়ে ৮টার দিকে দোকানে এসে শাটারের তালা খুলে ভেতরে প্রবেশ করেন। এ সময় দোকানের টিনের চালের স্ক্রু খোলা দেখতে পান তিনি। পরে দোকানে থাকা বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ২০০ কার্টন সিগারেট এবং ক্যাশে রাখা ৩ হাজার ৭০০ টাকা খুঁজে পাননি।

অভিযোগে উল্লেখ করা হয়, চুরি হওয়া সিগারেটের আনুমানিক মূল্য ৩ লাখ ২০ হাজার টাকা। সব মিলিয়ে চুরি হওয়া মালামাল ও নগদ টাকার পরিমাণ ৩ লাখ ২৩ হাজার ৭০০ টাকা। দোকানের টিনের চালের স্ক্রু খুলে অজ্ঞাতনামা চোরেরা এসব মালামাল ও নগদ টাকা নিয়ে গেছে বলে দাবি করেন দোকানমালিক।

ঘটনার পর আশপাশের দোকানদারদের ডেকে বিষয়টি জানান এবং তাদের ঘটনাস্থল দেখান বিপ্লব মোল্যা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

এ ব্যাপারে বোয়ালমারী থানার ডিউটি অফিসার মো. নাসিরুদ্দিন শনিবার বিকেলে বলেন, “এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”