বাংলাদেশ শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ: ব্যারিস্টার খোকন
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ২০:৫৩ | অনলাইন সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি

বাংলাদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—সব ধর্মের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে একসঙ্গে বসবাস করেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে দাদা-বাবার আমল থেকেই আমরা মিলেমিশে বসবাস করছি। বাংলাদেশে হাজার হাজার বছর ধরে শান্তিপূর্ণ সহাবস্থানের ঐতিহ্য রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
তিনি বলেন, “গরু জবাই করতে দেবে না, মসজিদ ভাঙছে—আসুন, দেখে যান। বাংলাদেশ হলো শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ। এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—সব ধর্মের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে একসঙ্গে বসবাস করি।”
ব্যারিস্টার খোকন আরও বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুরেন্দ্র অধিকারীকে নোয়াখালীর চাটখিলে আমন্ত্রণ জানানো হয়েছে। তার যাতায়াতের ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি।
রোববার দুপুরে নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে তিনটি সড়কের রক্ষণাবেক্ষণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা এলজিআরডি নির্বাহী প্রকৌশলী কৃষ্ণ যুগল কৌশিক, উপজেলা প্রকৌশলী সাবিনা সুলতানা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ, উপজেলা বিএনপির সদস্যসচিব শাহজাহান রানা, মোস্তফা ভূঁইয়া, বাবরসহ স্থানীয় নেতারা।
অনুষ্ঠানে বক্তারা এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং জনদুর্ভোগ কমাতে সড়কগুলোর রক্ষণাবেক্ষণকাজের গুরুত্ব তুলে ধরেন।
পরে ব্যারিস্টার খোকন চাটখিলের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি আর্থিক অনুদান ও শাড়ি বিতরণ করেন। অনুষ্ঠানে পরকোট ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. সেলিম তফাদার, সাধারণ সম্পাদক মোবারক হোসেন পাপু, শ্রী গণেশ কর্ম রায়সহ অনেকে উপস্থিত ছিলেন।
