সিরাজগঞ্জে বিভিন্ন অপরাধে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ২১:২৮ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ও নিমগাছী বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ এ জরিমানা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে ওই দুই বাজারে অভিযান চালায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি এবং বিদেশি কসমেটিকসের লেবেলে আমদানি-সংক্রান্ত তথ্য ও বিএসটিআইয়ের ছাড়পত্র না থাকায় তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে সাথী বেকারির মালিক কুলসুম আরাকে ২০ হাজার টাকা, বেলি ডেইরি ও ফুড প্রোডাক্টসের মালিক জাকির হোসেনকে ৪০ হাজার টাকা এবং জিয়াসমিন শোরুমের মালিক জাহিদুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর ইব্রাহিম হোসেন, এসআরবি-১২-এর সদস্য এবং ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
