সাটুরিয়ায় কৃষিজমির মাটি কাটায় দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ২১:৩৪ | অনলাইন সংস্করণ

  সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়ায় অবৈধভাবে উর্বর কৃষিজমির মাটি কাটার দায়ে দুইজনকে মোট ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার ধানকুড়া ইউনিয়নের মেসার্স হাজী ব্রিকস ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান।

প্রশাসন সূত্রে জানা গেছে, ইটভাটায় ব্যবহারের জন্য অবৈধভাবে উর্বর কৃষিজমির মাটি উত্তোলনের অভিযোগে এ অভিযান চালানো হয়। এ সময় সংশ্লিষ্ট অপরাধের দায়ে দুইজনকে মোট ৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে জরিমানা অনাদায়ে তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান বলেন, কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি ফসল উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইটভাটায় ব্যবহারের জন্য কৃষিজমির মাটি কেটে নেওয়া হলে জমির উর্বরতা কমে যেতে পারে এবং দীর্ঘমেয়াদে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে।

তিনি আরও বলেন, কৃষিজমির মাটি সংরক্ষণ এবং অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধে প্রশাসনিক নজরদারি গুরুত্বপূর্ণ। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।