মুন্সীগঞ্জে কন্যাশিশুকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ২২:০৯ | অনলাইন সংস্করণ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের লৌহজংয়ে নিজের কন্যাশিশুকে ধর্ষণের দায়ে এবাদত মীর (৫১) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে অতিরিক্ত সাজা ভোগ করতে হবে।

সোমবার দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তেহসিন ইফতেখার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৯ জানুয়ারি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার দক্ষিণ চারিগাঁও আশ্রয়ণ কেন্দ্রে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটির মা আশুলিয়া এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। এ সুযোগে আসামি এবাদত মীর নিজের মেয়েকে ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করতেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

এজাহার অনুযায়ী, ঘটনার দিন নিজ বাড়িতে মেয়েকে ধর্ষণের সময় এলাকাবাসী তাদের হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় প্রতিবেশী ইউনুস ফরাজী বাদী হয়ে ২০১৫ সালের ১৯ জানুয়ারি লৌহজং থানায় মামলা করেন।

মামলায় আসামির বিরুদ্ধে আনা অভিযোগ এবং সাতজন সাক্ষীর জবানবন্দি পর্যালোচনা করে আদালত এ রায় দেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় তাকে দণ্ডিত করা হয়েছে।

রায়ে সন্তুষ্টি প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মুন্সীগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) জাহাঙ্গীর আলম বলেন, এ রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী আল মামুন বলেন, এ রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।