শ্রীনগরে কালার প্রিন্টারে জাল টাকা তৈরির সময় যুবক গ্রেপ্তার

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ২২:১৬ | অনলাইন সংস্করণ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঘরে বসে কালার প্রিন্টার দিয়ে জাল টাকা তৈরির সময় শ্রাবন হোসেন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ সময় ২০০ টাকার নোটের আদলে তৈরি মোট দুই লাখ টাকার জাল নোট, একটি ল্যাপটপ ও একটি কালার প্রিন্টার জব্দ করা হয়।

রোববার রাত পৌনে ১০টার দিকে শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা এলাকার ৮ নম্বর ওয়ার্ডের একটি একতলা ভবনের উত্তর পাশের কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (১৯ অক্টোবর) জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার শ্রাবন হোসেন ওই এলাকার বাসিন্দা মজিবুর রহমানের ছেলে। শ্রাবন আগে থেকেই নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে জাল টাকা তৈরি করে ঢাকায় পৌঁছে দিতেন।

অভিযানে দুই লাখ টাকার জাল নোট ছাড়াও একটি ল্যাপটপ ও একটি কালার প্রিন্টার জব্দ করা হয়েছে। এ ঘটনায় শ্রাবন হোসেনের বিরুদ্ধে শ্রীনগর থানায় মামলা দায়ের করা হয়েছে।