সিরাজগঞ্জে ৫৬২ পূজামণ্ডপের নিরাপত্তায় ৭৪৮ পুলিশ সদস্য

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ১৯:৩৭ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জের ৫৬২টি পূজামণ্ডপে কঠোর নিরাপত্তার দায়িত্ব পালন করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাশাপাশি জেলা ও উপজেলা শহর এবং মহাসড়কে দর্শনার্থীদের নিরাপত্তাও জোরদার করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুর্গাপূজা উপলক্ষে জেলার নয়টি উপজেলার বিভিন্ন স্থানে ৫৬২টি পূজামণ্ডপ রয়েছে। এসব পূজামণ্ডপের নিরাপত্তায় প্রায় সাড়ে ৭০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। এ জন্য জেলা ও উপজেলা শহরগুলোতে পুলিশের কন্ট্রোল রুম খোলা হয়েছে। জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছেন। এ সময় তারা দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা দিচ্ছেন।

দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করায় সন্তোষ প্রকাশ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান আলোকিত বাংলাদেশকে বলেন, দুর্গাপূজা শুরুর প্রায় দুই দিন আগে থেকেই জেলা, উপজেলা ও বিভিন্ন গ্রামাঞ্চলের পূজামণ্ডপগুলোতে পুলিশের কঠোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর দিকনির্দেশনায় পুলিশ কর্মকর্তাসহ ৭৪৮ জন সদস্য দায়িত্ব পালন করছেন। দিনে ও রাতে এ দায়িত্ব পালনের কার্যক্রম তদারকি করছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পাশাপাশি এসআরবি-১২ সদস্যরাও দায়িত্ব পালন করছেন বলে জানান তিনি।