রাজবাড়ীতে রেললাইন থেকে নারীসহ দুজনের মরদেহ উদ্ধার
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ২০:০৭ | অনলাইন সংস্করণ
রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে রেললাইন থেকে নারীসহ দুজনের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে রাজবাড়ী সদর উপজেলার পৃথক স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। অন্যজনের পরিচয় শনাক্ত করা যায়নি।
নিহত যুবকের নাম সাকিব (৩০)। তিনি বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার ছলিয়াবাদপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
রাজবাড়ী জিআরপি থানা সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে সদর উপজেলার কুটি পাঁচুরিয়া প্রেসকার বাড়ি এলাকা থেকে আনুমানিক ৫০ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার করা হয়।
এ ছাড়া মঙ্গলবার সকালে মিজানপুর ইউনিয়নের বড়লক্ষীপুর গ্রামের আজাদের দোকানসংলগ্ন এলাকায় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।
রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, পৃথক দুটি স্থান থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা গেছে। অন্যজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে।
