ইরানে হামলায় বিশ্বে অস্থিতিশীলতা বেড়েছে: এমপি খোকন

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ২২:০২ | অনলাইন সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, জাতিসংঘ অকার্যকর হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার কারণে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে, যা বিশ্ব পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে। সংঘাত বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার বিকেলে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের রাজাপুর-মোল্লা বাড়ি সড়ক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহবুব উদ্দিন খোকন বলেন, ভারতে উগ্র হিন্দুত্ববাদী কর্মকাণ্ডের কারণে অশান্তি বিরাজ করছে। মৌলবাদ কোনো দেশেই শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। বাংলাদেশে মৌলবাদের কোনো সুযোগ নেই।

তিনি বলেন, বাংলাদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—সব ধর্মের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে একসঙ্গে বসবাস করেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে দাদা-দাদার আমল থেকে এ দেশের মানুষ একসঙ্গে বসবাস করে আসছেন।

প্রতিবেশী দেশের পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেখানে গরু জবাই করতে দেওয়া হয় না, মসজিদ ভাঙা হচ্ছে। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের চিত্র দেখতে তিনি সংশ্লিষ্টদের আমন্ত্রণ জানান।

তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুরেন্দ্র অধিকারীকে নোয়াখালীর চাটখিলে আমন্ত্রণ জানানো হয়েছে। তার যাতায়াতের ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি।

নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে তিনটি সড়কের রক্ষণাবেক্ষণকাজের উদ্বোধনী অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাহবুব উদ্দিন খোকন। অনুষ্ঠানে বক্তারা এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও জনদুর্ভোগ কমাতে সড়কগুলোর রক্ষণাবেক্ষণকাজের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ও উপজেলা পর্যায়ের প্রকৌশলী, পুলিশ কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তব্য দেন জেলা এলজিআরডির নির্বাহী প্রকৌশলী কৃষ্ণ যুগল কৌশিক, উপজেলা প্রকৌশলী সাবিনা সুলতানা, চাটখিল থানার ওসি আবদুল মোন্নাফ, উপজেলা বিএনপির সদস্যসচিব শাহজাহান রানা, মোস্তফা ভূঁইয়া, বাবরসহ স্থানীয় নেতারা।

পরে মাহবুব উদ্দিন খোকন চাটখিলের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং আর্থিক অনুদান ও শাড়ি বিতরণ করেন। এ সময় পরকোট ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. সেলিম তফাদার, সাধারণ সম্পাদক মোবারক হোসেন পাপু, শ্রী গণেশ কর্ম রায়সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।