চুয়াডাঙ্গায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ জামায়াতের
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ১৭:৩৮ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলীয়করণের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখা।
বুধবার (২১ অক্টোবর) সকাল ১১টায় চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমীর ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল আমিন, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মো. মাসুদ পারভেজ রাসেলসহ জেলা পর্যায়ের একাধিক শীর্ষ নেতা।
বক্তারা সম্প্রতি জেলাজুড়ে সার ডিলার নিয়োগ কার্যক্রমে নানা অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে কঠোর প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন। তারা দাবি করেন, সরকারি নীতিমালা উপেক্ষা করে অসচ্ছ উপায়ে ডিলারশিপ বণ্টনের পাঁয়তারা চলছে, যা প্রান্তিক কৃষকদের স্বার্থের সরাসরি পরিপন্থী।
সংবাদ সম্মেলনে নেতারা বলেন, কৃষি ও কৃষকের স্বার্থ রক্ষায় সার ডিলার নিয়োগে প্রকৃত যোগ্যতা, দক্ষতা ও নীতিমালার শতভাগ প্রয়োগ নিশ্চিত করতে হবে। নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি হয়ে থাকলে দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নিতে হবে।
একই সঙ্গে নিয়োগ প্রক্রিয়ায় সার্বিক স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সঠিক মূল্যায়ন নিশ্চিত করার দাবি জানান বক্তারা। তাদের দাবি পূরণ না হলে কৃত্রিম সার সংকট ও কৃষকদের ভোগান্তি এড়াতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলেও ইঙ্গিত দেন তারা।
