গজারিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ১৯:২৩ | অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আকরামুল ইসলাম রহি (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আবু বক্কর (২৫) নামে অপর এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
নিহত আকরামুল ইসলাম রহি কুমিল্লার দাউদকান্দি উপজেলার সুন্দরপুর গ্রামের মৃত হেলাল উদ্দিন শিকদারের ছেলে। আহত আবু বক্কর একই গ্রামের মতিন খানের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশ অতিক্রম করার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি অজ্ঞাতনামা বাসের ধাক্কায় দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আকরামুল ইসলাম রহি মারা যান। স্থানীয় লোকজন আহত আবু বক্করকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।
ভবেরচর হাইওয়ে থানার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটিও উদ্ধার করে হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
