ডিসেম্বরের মধ্যে গ্যাস-বিদ্যুৎ সংযোগ সম্পন্ন হবে: মুখ্য সচিব
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ২৩:৩১ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্ক চালু হলে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি আরও এক ধাপ এগিয়ে যাবে। পাশাপাশি উত্তরাঞ্চলের বেকারত্ব দূরীকরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ শিল্পপার্ক। আগামী ডিসেম্বরের মধ্যে প্রকল্পটিতে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ স্থাপনের কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্ক পরিদর্শন ও মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।
মুখ্য সচিব বলেন, প্রকল্পের কাজ সম্পন্ন হলে যেসব শিল্প উদ্যোক্তা প্লট বরাদ্দ নিয়েছেন, তাঁরা শিল্পকারখানা স্থাপনের কাজ শুরু করতে পারবেন। নির্বাচনের আগে বর্তমান প্রধানমন্ত্রী বিসিক শিল্পপার্ক মাঠে জনসভায় এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন, দীর্ঘদিন ধরে থমকে থাকা এ প্রকল্পের কাজ দ্রুত শেষ করা হবে। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুতগতিতে কাজ চলছে।
পরিদর্শন শেষে শিল্পপার্ক এলাকায় একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।
এ সময় উপস্থিত ছিলেন বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ, জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায় ও মো. শাহাদাত হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খান এবং বিএনপি নেতা তানভীর আহমেদ পলাশসহ অনেকে।
এদিকে, বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্মাণাধীন শহীদ শামসুদ্দিন গেট-২-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
