সিরাজগঞ্জে ফুলজোড় নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ হচ্ছে না
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ১৮:৩৫ | অনলাইন সংস্করণ
এস এম তফিজ উদ্দিন, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় ফুলজোড় নদীর বিভিন্ন স্থান থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন থামছেই না। দিন ও রাতে এসব বালু উত্তোলন করা হচ্ছে। এতে উল্লাপাড়া ও রায়গঞ্জ উপজেলার নদীতীরবর্তী ফসলি জমি ভাঙনের আশঙ্কা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উল্লাপাড়া ও রায়গঞ্জ উপজেলার পূর্ব পাশ দিয়ে বয়ে গেছে ফুলজোড় নদী। দীর্ঘদিন ধরে নদীর ধানগড়া, শিমলা, সাহেবগঞ্জ, আলোকদিয়া, ব্রহ্মগাছা ও নলকার মোড়সহ বিভিন্ন স্থানে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় স্থানীয় কিছু ব্যক্তি অবৈধভাবে বালু উত্তোলন করছেন।
স্থানীয়রা জানান, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনকে একাধিকবার অবহিত করেও তেমন কোনো ফল পাওয়া যায়নি। ফলে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় চিহ্নিত কিছু ব্যক্তি নদীর বিভিন্ন স্থান থেকে বালু উত্তোলন অব্যাহত রেখেছেন।
তারা শুধু বালু উত্তোলনই করছেন না, নদী থেকে মাটিও কেটে নিচ্ছেন। নদীর তীরবর্তী এলাকা থেকে বালু ও মাটি উত্তোলন করা হলেও তাদের বাধা দেওয়ার সাহস পাচ্ছেন না কেউ। উত্তোলন করা এসব বালু ও মাটি বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। অবৈধ বালু ব্যবসা করে অনেকেই ইতিমধ্যে বিপুল অর্থের মালিক হয়েছেন।
অন্যদিকে, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীতীরবর্তী কৃষকদের ফসলি জমি ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। বর্ষাকালে নদীর দুই পাড়ের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দেয়। স্থানীয়দের আশঙ্কা, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে এ ভাঙন আরও বাড়তে পারে।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন বলেন, ফুলজোড় নদী থেকে বালু উত্তোলনের কোনো অনুমতি দেওয়া হয়নি। তিনি এ জেলায় অল্পদিন আগে যোগ দিয়েছেন উল্লেখ করে বলেন, কেউ অবৈধভাবে বালু উত্তোলন করলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল খালেক পাটোয়ারী এ বিষয়ে আলোকিত বাংলাদেশকে বলেন, ফুলজোড় নদীতে অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে ইতিমধ্যে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকালও অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যবসায়ীকে সাত লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর আগেও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অনেক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
