চাঁদপুরে নিষেধাজ্ঞার মধ্যে ইলিশ শিকার, ২০ জেলেকে কারাদণ্ড

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ১৯:৫৯ | অনলাইন সংস্করণ

  চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করার দায়ে ২০ জেলেকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় নিষিদ্ধ কারেন্ট জাল, নৌকা ও ইলিশ মাছ জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদার নেতৃত্বে জেলা টাস্ক ফোর্সের আওতায় এ অভিযান পরিচালনা করা হয়।

কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- শুক্কুর শেখ (২৫), মফিজ গাজী (৬০), সাব্বির গাজী (১৮), ফরহাদ গাজী (১৯), হাবিব খান (২০), তোফাজ্জল হোসেন (৫৫), সিয়াম পাটওয়ারী (২২), আলমগীর হাওলাদার (২৫), শহীদ গাজী (২৬), মো. আব্বাস (৪০), রিপন মিয়াজী (২০), মো. মাসুদ (৪১), নুর মোহাম্মদ (৩৫), দেলু সরদার (৪৫), মো. শাকিল (১৯), কালু খান (৩০), মো. হাবিব (৩৫), মো. হাবিব খান (৪০), মো. বারেক (২৮) ও মো. রবিউল ইসলাম (১৯)। তাদের বাড়ি চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

অভিযানে অংশ নেওয়া সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, অভিযানে ২০ জেলেকে আটক করা হয়। এ সময় ৩০ কেজি ইলিশ, ৩৫ হাজার মিটার কারেন্ট জাল এবং ইঞ্জিনচালিত মাছ ধরার তিনটি কাঠের নৌকা জব্দ করা হয়।

আটক ২০ জেলের মধ্যে ১৩ জনকে ১০ দিন করে এবং সাতজনকে ১৫ দিন করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেকের কাছ থেকে এক হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জব্দ করা ইলিশ এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। নৌকাগুলো কোস্ট গার্ডের হেফাজতে রাখা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দ করা কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।