মাদারীপুরে রেকারের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, ব্যবসায়ী নিহত

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ২১:৫৬ | অনলাইন সংস্করণ

  মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে সড়কে দাঁড়িয়ে থাকা হাইওয়ে পুলিশের রেকারের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় সেলিম হাওলাদার (৫৫) নামে এক আবাসিক হোটেল ব্যবসায়ী নিহত হয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) ভোররাতে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিম হাওলাদার মাদারীপুর পৌরসভার বাগেরপাড় এলাকার মৃত নাজিম উদ্দীন হাওলাদারের ছেলে। তিনি শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত হোটেল মেট্রো নামের একটি আবাসিক হোটেলের মালিক ছিলেন।

পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, নিজ মালিকানাধীন প্রাইভেটকার চালিয়ে কালকিনির ভূরঘাটা থেকে মাদারীপুর শহরে ফিরছিলেন সেলিম। পথে তাঁতিবাড়ি এলাকায় পৌঁছালে তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে দুর্ঘটনাকবলিত যানবাহন উদ্ধারের কাজে নিয়োজিত হাইওয়ে পুলিশের একটি রেকারের পেছনে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান জানান, শুক্রবার সকালে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।