রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি, ১৫ ভরি স্বর্ণালংকার লুট

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ২১:৫৯ | অনলাইন সংস্করণ

  মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের রাজনগরে অবসরপ্রাপ্ত এক শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে আলমারি ভেঙে ১৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৪০ হাজার টাকা ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাত দল। এ সময় ডাকাতদের হামলায় গৃহকর্তা অবসরপ্রাপ্ত শিক্ষক কন্দর্প কুমার ভট্টাচার্য আহত হয়েছেন।

শুক্রবার (২২ অক্টোবর) গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের নন্দিউড়া গ্রামে এ ঘটনা ঘটে। বাড়িটি রাজনগর থানা থেকে প্রায় তিন কিলোমিটার দূরে।

পুলিশ ও ডাকাতির শিকার পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে ১০-১২ জনের একটি ডাকাত দল কন্দর্প কুমার ভট্টাচার্যের বাড়িতে হানা দেয়। ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে তারা। পরে পরিবারের সদস্যদের হাত-পা, চোখ ও মুখ কাপড় দিয়ে বেঁধে আলমারির লকার ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের মারধরে গৃহকর্তা আহত হন।

কন্দর্প কুমার ভট্টাচার্য বলেন, “পূজা উপলক্ষে আমার মেয়েরা বাড়িতে বেড়াতে এসেছেন। সবার কাছেই স্বর্ণালংকার ছিল। প্রতিদিনের মতো সবাই খাওয়াদাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক পৌনে ৩টার দিকে ১০-১২ জনের ডাকাত দল বাড়িতে প্রবেশ করে বসতঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। এরপর পরিবারের সদস্যদের হাত-পা, চোখ ও মুখ কাপড় দিয়ে বেঁধে রাখে। পরে আলমারির লকার ভেঙে ১৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৪০ হাজার টাকা ও অন্যান্য মালামাল নিয়ে যায়। এ সময় ডাকাতদের হামলায় আমি আহত হয়েছি।”

তিনি আরও বলেন, “ডাকাতেরা ঘরে থাকা অবস্থায়ই আমার মেয়ে ৯৯৯ নম্বরে ফোন দেয়। কিন্তু পুলিশ আসতে প্রায় এক ঘণ্টা সময় নেয়। অথচ থানা থেকে আমাদের বাড়ির দূরত্ব আড়াই থেকে তিন কিলোমিটার।”

এদিকে, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল ইসলাম ও রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন।

রাজনগর থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, “খবর পেয়ে রাজনগর থানা-পুলিশ ও এসপি (সদর সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ৭-৮ ভরি স্বর্ণালংকার ও ৪৫ হাজার টাকা নিয়ে গেছে বলে জানা গেছে। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”