হবিগঞ্জে বিজিবির অভিযানে ৩৯ কেজি গাঁজাসহ আটক ১

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ২০:৪৩ | অনলাইন সংস্করণ

  হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক অভিযানে ৩৯ কেজি ভারতীয় গাঁজা ও এক বোতল ভারতীয় বিয়ারসহ উজ্জল বাড়াই (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ছাড়া মালিকবিহীন অবস্থায় আরও ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। জব্দ করা মাদকদ্রব্যের সিজার মূল্য ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা।

আটক উজ্জল বাড়াই হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আমু চা বাগানের পুরান লাইনের মৃত বালক বাড়াইয়ের ছেলে।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ অক্টোবর রাত ১১টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়নের চিমটিবিল বিওপির টহলদল চুনারুঘাট উপজেলার আমু চা বাগানের ১২ নম্বর সেকশন এলাকায় অভিযান চালায়। এ সময় ৩৯ কেজি ভারতীয় গাঁজা ও এক বোতল ভারতীয় বিয়ারসহ উজ্জল বাড়াইকে আটক করা হয়।

অপরদিকে, একই দিন দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সাতছড়ি বিওপির টহলদল চুনারুঘাটের সুন্দরটিলা এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় পাঁচ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে। পরে সন্ধ্যায় একই বিওপির টহলদল গাঢ়োটিলা এলাকায় অভিযান চালিয়ে আরও চার কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে।

জব্দ করা মাদকদ্রব্য ও আটক ব্যক্তির বিরুদ্ধে বিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এজাহার দায়ের করে তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, সীমান্ত সুরক্ষা, মাদকদ্রব্যের অবৈধ প্রবেশ রোধ ও চোরাচালান দমনে বিজিবি নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। সীমান্ত এলাকায় টহল কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, দেশের নিরাপত্তা, জনস্বাস্থ্য ও অর্থনৈতিক স্বার্থ সুরক্ষায় সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান এবং অভিযান অব্যাহত থাকবে।

পাশাপাশি সীমান্তবর্তী জনগণের সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে চোরাচালানমুক্ত সীমান্ত গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছে কর্তৃপক্ষ।