মেঘনায় নিষেধাজ্ঞার মধ্যে ইলিশ শিকার, ২০ জেলে আটক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ২১:০২ | অনলাইন সংস্করণ
চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ২০ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। পৃথক অভিযানে নিষিদ্ধ জাল ও অস্থায়ী আড়ত থেকে মা ইলিশ জব্দ করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) রাতে এসব তথ্য জানান মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, ইলিশের প্রজনন রক্ষায় গত ২৪ ঘণ্টায় মতলব উত্তর উপজেলা টাস্কফোর্স পৃথক অভিযান পরিচালনা করে। এর মধ্যে শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি মোহনপুর ইউনিয়নের নাসিরার চর ও বাংলাবাজারসংলগ্ন মেঘনা নদীর শাখায় অভিযান চালায়। এ সময় নিষিদ্ধ কারেন্টজাল, অবৈধ চায়না চাই ও মশারি জাল ব্যবহার করে মাছ শিকারের অভিযোগে ২০ জেলেকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৬০০ মিটার নিষিদ্ধ কারেন্টজাল, ৮০ মিটার চায়না রিং জাল এবং ৫০ মিটার মশারি জাল জব্দ করা হয়।
মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক রুহুল আমিন জানান, আটক জেলেদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের পৃথক ধারায় ছয়টি মামলা করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।
মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে বলেন, সকালে মতলব উত্তর থানা পুলিশের সহযোগিতায় উপজেলার মোহনপুর ও নয়াকান্দি এলাকার মেঘনা উপকূলে অস্থায়ী মাছের আড়তে অভিযান চালিয়ে ১০ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে বিকেলে বোরচর এলাকায় নৌ পুলিশের সহযোগিতায় আরেকটি অভিযান চালিয়ে ৪০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয়।
জব্দ করা জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং ইলিশগুলো দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।
