রাজবাড়ীর চন্দনীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ১৫:২৯ | অনলাইন সংস্করণ

  রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের চন্দনী বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. নূর আলম (২৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

শনিবার (২৫ অক্টোবর) সকাল আনুমানিক ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নূর আলম কুষ্টিয়া থেকে মোটরসাইকেলযোগে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি তাঁর মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহতের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করে পুলিশ। নূর আলম কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পাইকপাড়া এলাকার সুতাইল গ্রামের শেখ সাকাউল ইসলামের ছেলে।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি পালিয়ে গেছে। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।