চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়ে প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা স্থগিত
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ১৬:১৮ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাংলা প্রথম পত্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে। অভিযোগ উঠেছে, ১ হাজার ৫০০ টাকার বিনিময়ে প্রশ্নপত্র বিক্রি করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সকালে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা প্রকাশ্যে আসার পর পরীক্ষা স্থগিত করে বিদ্যালয় কর্তৃপক্ষ।
এ ঘটনায় সত্য উদ্ঘাটনে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ বি এম খালিদ হোসেন সিদ্দিকীকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক।
অভিযোগ উঠেছে, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের জনি ফটোকপির দোকান থেকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। বিষয়টি জানার পর দোকানটিতে অভিযান চালান সহকারী কমিশনার মির্জা শহিদুল ইসলাম। অভিযানে প্রশ্নপত্র ফাঁসের সত্যতা পাওয়া যায়।
চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সূত্রে জানা গেছে, রোববার (২৫ অক্টোবর) রাতে জনি ফটোকপির দোকান থেকে ২০২৭ সালের এসএসসি নির্বাচনী পরীক্ষার বাংলা প্রথম পত্রের প্রশ্নপত্র ফাঁস হয়। এ ঘটনায় কে বা কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ফাঁস হওয়া প্রশ্নপত্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
ঘটনাটি জানার পর জেলা প্রশাসক ও বিদ্যালয়টির সভাপতি লুৎফুন নাহার বিদ্যালয়টি পরিদর্শনে যান। পরিদর্শন শেষে শিক্ষকদের সঙ্গে আলোচনা সভা করেন তিনি। সভায় বিদ্যালয়ের পরীক্ষা কমিটির সব সদস্যকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে বলে জানান তিনি।
এ সময় জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, “প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম বলেন, রোববার রাতে ২০২৭ সালের এসএসসি নির্বাচনী পরীক্ষার বাংলা প্রথম পত্রের প্রশ্নপত্র ফাঁস হয়। এরপর বাংলা পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষাটি আগামী শনিবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কারা জড়িত, তা জানতে প্রশাসন কাজ করছে। এ ঘটনায় কোনো শিক্ষক জড়িত থাকলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
