দৌলতপুর সীমান্তে ২৭০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ জব্দ

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ১৮:৫৮ | অনলাইন সংস্করণ

  বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোলের দৌলতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৭০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, চোরাচালানি পণ্য ও মাদকসহ পাচার চক্রের সদস্যদের আটক করতে দীর্ঘদিন ধরে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় সোমবার (২৬ অক্টোবর) রাত ১টার দিকে দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২৭০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার করা হয়।

বিজিবি অধিনায়ক আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য পণ্যের চোরাচালান বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।