আলোকিত বাংলাদেশে সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ১৯:০৯ | অনলাইন সংস্করণ

  সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

দৈনিক আলোকিত বাংলাদেশের অনলাইনে সংবাদ প্রকাশের পর স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করা টাঙ্গাইলের সখীপুর উপজেলা যুবদল নেতা রফিকুল বারী ওরফে রুবেল চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে। তিনি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন।

গত রোববার রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকার ও দলের জ্যেষ্ঠ নেতাদের সম্পর্কে শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগে টাঙ্গাইলের সখীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম রফিকুল বারী ওরফে রুবেল চৌধুরীকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

এর আগে গত শুক্রবার (২৩ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করেন রুবেল চৌধুরী। তবে ওই পোস্টে নিজের ক্ষোভের কারণ উল্লেখ করেননি তিনি।

এ বিষয়ে জানতে চাইলে রফিকুল বারী ওরফে রুবেল চৌধুরী বলেন, রাজনৈতিক অনেক বিষয় আছে। স্বরাষ্ট্রমন্ত্রীর ভুল সিদ্ধান্তের কারণে অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানেরও ক্ষতি হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে খুব পণ্ডিত মনে করেন। তিনি বিএনপি করলেও ভারতের ‘র’-এর এজেন্ট হিসেবে কাজ করছেন বলে তিনি মনে করেন। এ কারণে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।

এমন পোস্ট দেওয়ার এক দিন পর তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সেটি মুছে ফেলেন। তবে এর আগেই পোস্টটির স্ক্রিনশট বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।

গত ২৫ অক্টোবর শনিবার দৈনিক আলোকিত বাংলাদেশের অনলাইন সংস্করণে ‘স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়ে সখীপুরে যুবদল নেতার ফেসবুক পোস্ট’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।