প্রশ্নফাঁসের ঘটনায় নাম আসার পর সিরাজগঞ্জের খাদ্য নিয়ন্ত্রক বদলি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ১৯:৩৬ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের জেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন অর রশিদকে বদলি করা হয়েছে। সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তাকে নিয়ে সমালোচনা ওঠে। এর পরিপ্রেক্ষিতে খাদ্য মন্ত্রণালয় রোববার তাকে বদলি করে খাদ্য অধিদপ্তরে সংযুক্ত করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সম্প্রতি যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদে ২৪২টি শূন্য পদের বিপরীতে এমসিকিউ বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কিছুক্ষণ আগে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পরীক্ষা স্থগিত করা হয়।
এ ঘটনায় সিরাজগঞ্জের জেলা খাদ্য নিয়ন্ত্রকের নাম উঠে আসে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
এরপর থেকে তিনি নিয়মিত অফিস করেননি বলে জানান ওই বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী।
প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে মামলা করা হয়। মামলাটি এসআরবি ও সিআইডি তদন্ত করছে। তদন্তের অংশ হিসেবে এ ঘটনায় জড়িত সন্দেহে একটি সংঘবদ্ধ চক্রের সাত সদস্যকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে ওই খাদ্য নিয়ন্ত্রকের দুটি মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও নম্বর দুটি বন্ধ পাওয়া যায়।
তবে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা দাবি করেন, এ ঘটনায় একাধিক সংস্থা তদন্ত করেও জেলা খাদ্য নিয়ন্ত্রকের সম্পৃক্ততা পায়নি।
এ বিষয়ে রাজশাহী বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম কায়ছার আলী আলোকিত বাংলাদেশকে বলেন, সিরাজগঞ্জের জেলা খাদ্য নিয়ন্ত্রককে বদলি করা হয়েছে। তবে কী কারণে তাকে বদলি করা হয়েছে, তা সচিব মহোদয় জানেন। তার সিরাজগঞ্জে যোগদানের দুই বছর পার হয়েছে। এ ছাড়া অন্য কোনো বিষয়ে তিনি জানেন না বলে উল্লেখ করেন।
