শ্রীপুরে নেশার টাকা না পেয়ে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ২০:৪২ | অনলাইন সংস্করণ

  শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে নেশার টাকা না পেয়ে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে আনোয়ার হোসেন নামের এক ছেলের বিরুদ্ধে। সোমবার সকালে উপজেলার সাঁইটালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদকে আসক্ত বলে জানা গেছে।

নিহতের স্বজনরা জানান, সারা রাত বাইরে থাকার পর ভোরে বাড়িতে ফেরেন আনোয়ার হোসেন। ঘরে ফিরেই নেশাগ্রস্ত অবস্থায় পরিবারের সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। এ সময় তার বাবা আবদুস সামাদ বিষয়টি বুঝতে পেরে তাকে থামানোর চেষ্টা করেন।

একপর্যায়ে বাবার কাছে টাকা চাওয়া নিয়ে তাদের মধ্যে বিরোধ শুরু হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে আনোয়ার হাতের কাছে থাকা একটি লাঠি দিয়ে বাবাকে বেধড়ক মারধর করেন। এ সময় পরিবারের অন্য সদস্যরা তাকে বাধা দিয়েও থামাতে পারেননি। পরে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন আবদুস সামাদ।

গুরুতর আহত অবস্থায় তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।