নিষেধাজ্ঞার সময় হোটেলে ইলিশ বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ২০:৫২ | অনলাইন সংস্করণ
চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের চরভৈরবী বাজারে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মজুত ও বিক্রির অপরাধে এক হোটেল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এ ছাড়া একই এলাকার আরেকটি প্রতিষ্ঠানকে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চরভৈরবী মাছঘাট-সংলগ্ন এলাকায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মজুত ও বিক্রির অপরাধে ‘ইসলামিয়া হোটেল’ নামের একটি খাবারের দোকানকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় আনুমানিক ১৮ কেজি ইলিশ জব্দ করা হয়।
এ ছাড়া একই ইউনিয়নের ‘ক্যাফে জমজম রেস্টুরেন্ট অ্যান্ড ফাস্ট ফুড’ নামের প্রতিষ্ঠানকে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, জব্দ করা ইলিশ স্থানীয় দুটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় হাইমচর থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
