যমুনায় ৬০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ২১:৩০ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে অভিযান চালিয়ে ৬০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের যৌথ উদ্যোগে যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে যমুনা নদীর স্থানীয় নৌঘাট থেকে বাঘুটিয়া, উমারপুর ও ঘোরজান এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৬০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩০ কেজি মাছ উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা মাছ স্থানীয় তিনটি এতিমখানায় বিতরণ করা হয়। একই সঙ্গে স্থানীয়দের উপস্থিতিতে জোতপাড়া নৌঘাট এলাকায় অবৈধ কারেন্ট জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় চৌহালী উপজেলা মৎস্য কর্মকর্তা রকিবুল ইসলাম, জ্যেষ্ঠ ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা রকিবুল ইসলাম বলেন, অবৈধ কারেন্ট জালের ব্যবহার দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীবনের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। দেশীয় মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।