আশুলিয়ায় কর্মরত কাউখালীর পোশাকশ্রমিকের ডেঙ্গুতে মৃত্যু
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ১৭:০৬ | অনলাইন সংস্করণ
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের কাউখালীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিপ্লব ওরফে মোস্তাক (৫০) নামের এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) রাত ১১টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত বিপ্লব কাউখালী উপজেলার আমরাজুড়ী ইউনিয়নের কুমিয়ান গ্রামের মুনছুর শিকদারের ছেলে। তিনি ঢাকার আশুলিয়ার ‘এফএনএফ’ নামের একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর কর্মস্থলে থাকাকালে তিনি জ্বরে আক্রান্ত হন। প্রথমে বাসায় প্রাথমিক চিকিৎসা নিলেও গত বৃহস্পতিবার তার শরীরে তীব্র ব্যথা ও শারীরিক জটিলতা দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
নিহতের ভাই বেলাল শিকদার জানান, মঙ্গলবার সকালে তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। পরিবারের সদস্য ও স্বজনদের কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।
মঙ্গলবার বাদ জোহর কুমিয়ান জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে কেউন্দিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তার আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
