সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ৫ জেলে উদ্ধার, অস্ত্র জব্দ
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ২০:৩৯ | অনলাইন সংস্করণ
সাতক্ষীরা প্রতিনিধি

সুন্দরবনের আরপাঙ্গাসিয়া নদীসংলগ্ন এলাকায় কোস্ট গার্ডের অভিযানে দাদাভাই বাহিনীর সঙ্গে তীব্র বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের কবল থেকে জিম্মি থাকা পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র জব্দ করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৬ অক্টোবর মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের কঞ্চির খাল এলাকায় কোস্ট গার্ডের কয়রা ও দোবেকী স্টেশন যৌথ অভিযান চালায়। মুক্তিপণের উদ্দেশ্যে জেলেদের আটকে রাখার খবর পেয়ে তাদের উদ্ধারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এ সময় কোস্ট গার্ডের সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালান। কোস্ট গার্ডের তীব্র প্রতিরোধের মুখে টিকতে না পেরে দস্যুরা বনের গহীনে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পাঁচ জেলেকে উদ্ধার করা হয়। তারা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রবিউল ইসলাম ও বিল্লাল হোসেন এবং খুলনার কয়রা উপজেলার আলাউল ইসলাম, নওশেন মোড়ল ও শাহিনুর রহমান।
এ সময় ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, ছয় রাউন্ড কার্তুজ ও তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা আলামতের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। উদ্ধার করা জেলেদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার কার্যক্রমও চলছে। সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
