রংপুরে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ২১:০৬ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে রংপুর জেলা ও মহানগর যুবদল।

মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৃথক কর্মসূচির আয়োজন করে সংগঠনটির জেলা ও মহানগর শাখা।

দিনের শুরুতে রংপুর জেলা যুবদলের উদ্যোগে গ্র্যান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয়ে সকাল ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। দুপুর ১২টায় দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে বেলা সাড়ে ১২টায় সেখানে রক্তদান কর্মসূচি পালন করা হয়।

রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন রংপুর মহানগর বিএনপির সদস্যসচিব ও সিটি প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন।

জেলা যুবদলের পুরো আয়োজনে সভাপতিত্ব করেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি ও রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি রাকিব হাসান, সহসভাপতি আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ জিল্লুর রহমান জেমস, যুগ্ম সম্পাদক তামজিদুর রশিদ গালিব ও শ্রী বিপ্লব, দপ্তর সম্পাদক জাকারিয়াসহ জেলার আট উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতাকর্মী।

অন্যদিকে, রংপুর মহানগর যুবদলের উদ্যোগে সকাল ৭টায় গ্র্যান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। বেলা সাড়ে ১২টায় সেখানে রক্তদান কর্মসূচি পালন করা হয়। পরে দুপুর ২টায় দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে টাউন হল চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি প্রশাসক ও মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন।

রংপুর মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলনের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়নের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন মহানগর যুবদলের সদস্যসচিব আতিকুল ইসলাম লেলিন, যুগ্ম আহ্বায়ক ওয়াহেদ মুরাদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান, সদস্যসচিব নুর হাসান সুমন এবং মহানগর ছাত্রদলের সদস্যসচিব রবিউল ইসলাম রবি প্রমুখ।

এ সময় রংপুর মহানগর, বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।