বিরামপুরে চাকরিমেলা উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ হোসেন

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ২১:১২ | অনলাইন সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’। মঙ্গলবার সকালে মেলা প্রাঙ্গণে চাকরিপ্রত্যাশীদের ভিড় জমতে শুরু করে। এতে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

দিনাজপুরসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তরুণ-তরুণীদের পদচারণায় সকালের মধ্যেই কলেজ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। মেলায় অংশ নিয়েছে দেশের শতাধিক শীর্ষস্থানীয় ও সুনামধন্য প্রতিষ্ঠান। চাকরিপ্রত্যাশীদের সরাসরি চাকরির সুযোগ তৈরির লক্ষ্যে মেলাজুড়ে স্থাপন করা হয়েছে বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের স্টল।

আয়োজক সূত্রে জানা গেছে, এ জব ফেয়ারে অংশ নিতে প্রায় ২৫ হাজার চাকরিপ্রার্থী অনলাইনে নিবন্ধন করেছেন।

মেলায় শুধু আবেদনপত্র জমা দেওয়ার সুযোগই নয়, যোগ্য প্রার্থীদের জন্য রাখা হয়েছে সরাসরি সাক্ষাৎকার বা স্পট ইন্টারভিউ এবং তাৎক্ষণিক প্রাথমিক বাছাইয়ের বিশেষ ব্যবস্থা। এর মাধ্যমে দেশের বিভিন্ন জেলা থেকে আসা চাকরিপ্রার্থীরা সরাসরি নিয়োগকারী কর্তৃপক্ষের মুখোমুখি হওয়ার সুযোগ পাচ্ছেন।

আয়োজকদের দাবি, রাজধানী ঢাকার বাইরে কোনো জেলার উপজেলা পর্যায়ে এত বড় পরিসরে চাকরিমেলার আয়োজন এই প্রথম।

মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. জেড. এম. জাহিদ হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য মো. সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হক, দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. জেদান আল মুসা এবং বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিম খাতুনসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।