বর্ণাঢ্য আয়োজনে সিরাজগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ২১:৩৩ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা যুবদলের উদ্যোগে মঙ্গলবার দুপুরে ইসলামিয়া সরকারি কলেজ মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহসভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, নাজমুল হাসান তালুকদার রানা, বিএনপি নেতা ভিপি শামীম খান, আব্দুল ওয়াহাব, হারুন অর রশীদ খান হাসান, আবু সাঈদ সুইট এবং যুবদল নেতা আল আমিন খান ও মোরাদুজ্জামান মুরাদ প্রমুখ।
বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলনে যুবদলের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। একইভাবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সংগঠনকে আরও সুসংগঠিত করে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তারা বলেন, রাজনৈতিক ইতিহাসে যুবদল একটি গুরুত্বপূর্ণ সংগঠন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও চেতনাকে ধারণ করে প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি দেশের গণতন্ত্র, মানুষের অধিকার এবং যুবসমাজের কল্যাণে কাজ করে আসছে।
বক্তারা আরও বলেন, সিরাজগঞ্জে বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে জেলা যুবদলের নেতাকর্মীরা মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা রেখেছেন। ভবিষ্যতেও সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে মানুষের পাশে দাঁড়াতে হবে এবং দেশ ও জনগণের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সমাবেশ শেষে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশনে গিয়ে শেষ হয়।
