রংপুরে ২ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণ শুরু

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ২১:৩৯ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুর মহানগরীর ২৫ নম্বর ওয়ার্ডে তিনটি প্যাকেজে মোট ২ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে বিভিন্ন সড়কের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডন।

এর অংশ হিসেবে নগরীর বোতলাপাড়া এলাকায় দোলনের বাড়ি থেকে সুনীল কুমারের বাড়ি পর্যন্ত ৪৬৬ মিটার দীর্ঘ আরসিসি ঢালাই সড়কের নির্মাণকাজের উদ্বোধন করেন তিনি। সড়কটি নির্মাণে বরাদ্দ রাখা হয়েছে ৩৬ লাখ টাকা।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে অবহেলিত ও বেহাল অবস্থায় থাকা এ সড়ক দিয়ে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। নতুন আরসিসি ঢালাই সড়কটি নির্মিত হলে এলাকার মানুষের যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে। সেই সঙ্গে দীর্ঘদিনের যাতায়াতের ভোগান্তি দূর হবে বলে আশা করছেন তারা।

বিএনপি নেতা সালেকুজ্জামান সালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রংপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আরজানা ছালেকসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বাসিন্দারা উপস্থিত ছিলেন।