চাঁদপুরে ৩৩ হাজার মিটার কারেন্ট জালসহ আটক ৪০ জেলে

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ২১:৫৪ | অনলাইন সংস্করণ

  চাঁদপুর প্রতিনিধি

নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় মা ইলিশ শিকার করায় ৪০ জেলেকে আটক করেছে চাঁদপুর নৌ থানা পুলিশ। তাদের মধ্যে ৩৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বাকি সাতজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসেন।

এর আগে, সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত মেঘনা নদীর চাঁদপুর সদর উপজেলার অভয়াশ্রম এলাকায় অভিযান চালায় নৌ পুলিশ। এ সময় জেলেদের কাছ থেকে ৩৩ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, মাছ ধরার ১০টি নৌকা ও ৭ কেজি ইলিশ জব্দ করা হয়।

চাঁদপুর নৌ থানার ওসি মো. আজমগীর হোসেন বলেন, আটক ৪০ জেলের মধ্যে সাতজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৩৩ জনের বিরুদ্ধে নিয়মিত ১২টি মামলা করা হয়েছে।

ওসি আরও বলেন, জব্দ করা জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। নৌকাগুলো থানা হেফাজতে রাখা হয়েছে এবং জব্দ করা ইলিশ স্থানীয় দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। মামলার আসামি জেলেদের দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।