ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন বৃহস্পতিবার, প্রস্তুত ১৮৫ কেন্দ্র
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ১৮:২২ | অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁও প্রতিনিধি

নিরাপত্তার মধ্য দিয়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ আসনের একটি পৌরসভা ও ২২টি ইউনিয়নের ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি, জামায়াতসহ পাঁচ দলের পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৩ জন, পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ২১৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন। মোট ভোটকেন্দ্র ১৮৫টি। এর মধ্যে ১১৫টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করতে ২ হাজার ২৭২ জন পুলিশ সদস্য, ২১ প্লাটুন বিজিবি সদস্য এবং ২ হাজার ৪০৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এ ছাড়া সার্বক্ষণিক স্ট্রাইকিং ফোর্স, ২৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন।
নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ড্রোন ক্যামেরা, বডি-ওর্ন ক্যামেরা ও কে-৯ ডগ ইউনিটের মাধ্যমে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হবে।
গত ২০ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। ২১ আগস্ট তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। পরদিন ২২ আগস্ট রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের পর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে ১০ সেপ্টেম্বর নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী, আগামীকাল ২৯ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে ভোট দিতে পারেন, সে বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
এদিকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি ১৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম জানান, নির্বাচনকেন্দ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে ড্রোন, ডগ স্কোয়াড ও বডি-ওর্ন ক্যামেরাসহ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে।
