চুয়াডাঙ্গায় মোটরসাইকেল-পাখিভ্যানের সংঘর্ষে আহত ৪
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ১৯:২১ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে দর্শনা সীমান্তবর্তী আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সড়কের স্টার ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন জেলার দামুড়হুদা উপজেলার রঘুনাথপুর গ্রামের আবু তালেবের ছেলে বিপ্লব (১৫), জীবননগর উপজেলার মাধবখালী গ্রামের মেহেরুলের ছেলে ইব্রাহীম, একই উপজেলার খয়েরহুদা গ্রামের রমজানের ছেলে সায়েম (১৫) এবং আকন্দবাড়িয়া গ্রামের ভ্যানচালক আলম (১৭)।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দর্শনা বাসস্ট্যান্ডের দিক থেকে জয়পুর চেকপোস্টগামী একটি মোটরসাইকেল স্টার ইটভাটার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাখিভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালকসহ চারজন গুরুতর আহত হন।
পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।
দর্শনা ফায়ার সার্ভিসের লিডার মাসুদুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
